লাইফস্টাইল ডেস্ক: শিমে রয়েছে ভিটামিন ও মিনারেল। শিমের মধ্যে ফাইবার, ক্যালশিয়াম এবং আয়রন পরিপূর্ণ। শিমের বিচি দিয়ে মুরগির ঝোল তৈরির রেসিপি দেখে নিন।
প্রণালী
মুরগির মাংস আধা কেজি, শিমের বিচি আধা কেজি বা ৭০০ গ্রাম, আদা বাটা দেড় টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, লাল মরিচগুঁড়া ১ চা চামচ ঝাল বুঝে, হলুদগুঁড়া ১ চা চামচ, জিরাগুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কুচি দেড় কাপ, কাঁচামরিচ ৫ থেকে ৬টি (ঝাল বুঝে), দারচিনি কয়েক টুকরা, এলাচ ৪ থেকে ৫টা, লবঙ্গ ৪ থেকে ৫টা, তেজপাতা ৩ থেকে ৪টি, লবন স্বাদমতো, তেল আধা কাপ
যেভাবে রান্না করবেন
প্রথমে শিমের বিচি সামান্য লবণ ও হলুদ দিয়ে পানিতে আধা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। একটি প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নরম করে নিন। এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা এবং কাঁচামরিচ দিয়ে ১ মিনিট নেড়ে নিন। এরপর এতে আদা রসুন বাটা ও লবণ দিয়ে ভালো করে নেড়ে নিন ও হলুদ, মরিচ ও জিরাগুঁড়া দিয়ে নেড়ে মসলা কষাতে থাকুন। মসলা কষে তেল ছেড়ে দিলে মাংস দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে কষাতে থাকুন। মাংস কষে এলে এতে পরিমাণমতো ঝোলের জন্য পানি দিয়ে দিন ও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকুন।
এবার মাংস আধা সেদ্ধ হয়ে এলে এতে আধা সেদ্ধ করে রাখা শিমের বিচি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন। প্রয়োজনে আরো একটু পানি দিয়ে ঝোল করে নিন। মাংস ও শিমের বিচি সেদ্ধ হয়ে এলে লবণের স্বাদ বুঝে নিয়ে ঝোল ঝোল রেখে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু শিমের বিচি দিয়ে মুরগির ঝোল।
আমাদের কাগজ//জেডআই






















