সারাদেশ ৩০ মার্চ, ২০২৩ ০৩:৩৬

শ্যালিকার আপত্তিকর ভিডিও ছড়ানোর মামলায় দুলাভাই গ্রেপ্তার

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও  ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় দুলাভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এর আগে, বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা জামাতাকে আসামি করে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) র‍্যাব-৪–এর সিপিসি-৩–এর মানিকগঞ্জ ক্যাম্পের কমান্ডর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৯ মার্চ) উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাব জানায়, ওই যুবক প্রায় আট বছর আগে উপজেলার একটি গ্রামে এক তরুণীকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি শ্যালিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক করার জন্য বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি মুঠোফোনের অ্যাপসের মাধ্যমে শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও তৈরি করে আত্মীয়-স্বজনকে পাঠান তিনি। 

পরে সেসব ছবি ও ভিডিও তিনি ফেসবুকে ছড়িয়ে দেন। এতে ভুক্তভোগী তরুণী আত্মহত্যার চেষ্টাও করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা মানিকগঞ্জ র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। মো. আরিফ হোসেন জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। পরে রাতেই তাকে থানায় হস্তান্তর করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, বুধবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা জামাতাকে আসামি করে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আমাদের কাগজ/এমটি