জাতীয় ২৯ অক্টোবর, ২০২০ ০৭:১০

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট

দেশের গৌরবোজ্জল সাত জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এই বীরশ্রেষ্ঠ'র জন্মদিন আজ। পৈতৃক নিবাস নরসিংদীতে হলেও তার জন্ম ১৯৪১ সালের ২৯ অক্টোবর পুরনো ঢাকায়। তাঁর বাবা মৌলভী আবদুস সামাদ, মা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। 

১৯৬১ সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালের ২০ আগস্ট স্বাধীনতা যুদ্ধে তিনি দেশের জন্য বীরের মতো লড়তে লড়তে শহীদ হন। করাচির মাসরুর বেসের চতুর্থ শ্রেণির কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ৩৫ বছর পাকিস্তানের ওই কবরেই শায়িত ছিলেন বাংলাদেশের এই বীরশ্রেষ্ঠ। ২০০৬ সালের ২৩ জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। পুনরায় তাকে পূর্ণ মর্যাদায় ২৫ জুন শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়।

আপাদমস্তক সাহসী এই বীর দেশমাতৃকার টানে নিজের নিশ্চিত ভবিষ্যৎ, পরিবার-পরিজন সবকিছুই পিছনে ফেলে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশমাতৃকার জন্য লড়াই করেন এবং শহীদ হন।