ডেস্ক রিপোর্ট।।
ডেঙ্গুর উপদ্রব অব্যাহত থাকলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশকনিধনে মেয়র ঘোষিত চিরুনী অভিযান বন্ধ রাখা হয়েছে।
কারণ মেয়র মো. আতিকুল ইসলাম দেশে নেই। তিনি জাতীয় ভলিবল দলকে উৎসাহ দিতে বর্তমানে নেপাল আছেন। সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট শেষ করে ২৫ আগস্ট মেয়রের দেশে ফেরার কথা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ডিএনসিসি এই মেয়র।
ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা নিধনে ফগার মেশিন নিয়ে মোটরবাইক আর পিকআপ ভ্যান নিয়ে বেশ জোরেশোরে মাঠে নেমেছিল ডিএনসিসি। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম গত মঙ্গলবার (২০ আগস্ট) অভিযান শুরু করেন। মশা নিধনের এ কর্মসূচিতে চিরুনি অভিযান আখ্যায়িত করে ডিএনসিসি’র পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গুর বাহক এডিস মশা লার্ভা নিধন না হওয়া পর্যন্ত প্রতিদিন অভিযান চলবে।
১৯ নং ওয়ার্ড থেকে শুরু হওয়া অভিযান তিন দিন চলার পর শুক্রবার (২৩ আগস্ট) থেকে অভিযান বন্ধ রয়েছে। যদিও শুক্র ও শনিবার সরকারি ছুটির দিন। তবে ঢাকার দুই সিটি করপোরেশনের এ ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। তবে অনুসন্ধানে জানা গেছে মশক নিধন কর্মীসহ ডিএনসিসির কোনো পরিচ্ছন্নতাকর্মী কাজ করেননি। জানতে চাইলে কর্মীরা বলেন, সুপারভাইজারের কাছ থেকে তারা কোনো নির্দেশনা পাননি।




















