ডেস্ক রিপোর্ট
সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। তারই পথ ধরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, অর্জিত হয় বিজয়
বুধবার (১৬ ডিসেম্বর) জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রাক্কালে তিনি এসব কথা বলেন।
‘ইংরেজদের পরে এদেশকে পরাধীন করে পশ্চিম পাকিস্তান। ১৯৪৭-৭১ পর্যন্ত প্রায় ২৩ বছর পশ্চিম পাকিস্তান বাংলাদেশকে নির্মমভাবে শোষণ করেছে। এদেশের অর্থে পশ্চিম পাকিস্তান ও সেখানকার জনগণের জীবন-মানের আমূল পরিবর্তন ঘটেছে, সেখানে নির্মিত হয়েছে তারবেলা বাঁধ। গড়ে উঠেছে করাচি, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ, পুষ্ট হয়েছে শিল্পখাত, সেবাখাত ও কৃষিখাত। এভাবে শোষণের শিকার হয়ে বাংলাদেশ দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে। এই শোষণ থেকে মুক্তির জন্য ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেন। তারই পথ ধরে সূচিত হয় মুক্তিযুদ্ধ, অর্জিত হয় বিজয়’।
বাঙালি শতাব্দীর পর শতাব্দী পরাধীন ছিল। ইংরেজরা প্রায় ১৯০ বছর এদেশকে পরাধীন করেছিল, শোষণ করেছিল। তারা ১৭৫৭ সালে এদেশকে দখল করার পর মাত্র তিন বছরের মধ্যে তৎকালীন ৫০০ কোটি পাউন্ডের সম্পদ এদেশ থেকে পাচার করেছিল ইংল্যান্ডে।
‘স্বাধীনতা ও বিজয়ের জন্য মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ বাঙালিকে প্রাণ দিতে হয়’ উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার জন্য এত লোকের প্রাণ বিসর্জনের নজির পৃথিবীতে আর নেই। এদেশে পশ্চিম পাকিস্তানের শোষণের ইতিহাস, স্বাধীনতার জন্য এদেশের মানুষের ত্যাগ-তিতিক্ষার ইতিবৃত্ত নতুন প্রজন্মের জানা প্রয়োজন। তাহলে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে, দেশের স্বার্থে কাজ করতে তারা অনুপ্রাণিত হবে।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার পর প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিরা পুষ্পমাল্য অর্পণ করেন।


















