জাতীয় ১৬ ডিসেম্বর, ২০২০ ১১:৫৫

‘ঢাকাকে নিজের ঘরের মতো ভালোবাসুন’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ঢাকাকে নিজের ঘরের মতো ভালোবাসার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বেলা ১১টায় গুলশান নম্বরের নগর ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে মেয়র আহ্বান জানান। এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, অথচ আমরা কি শহরকে একটু ভালোবাসতে পারি না? আমরা কি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারি না? আমরা কেন শুধু চিন্তা করি আমি, আমি, আমি। কেন আমরা বিভিন্ন নদী, খাল দখল করি। মুক্তিযুদ্ধকালে দেশের জন্য তাঁরা বুকে গুলি খেয়েছে। আমরা শুধু নিজের চিন্তা করছি।

সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, সাম্প্রদায়িক শক্তি, যারা মুক্তিযুদ্ধের সময় দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে, যারা এদেশকে পঙ্গু করতে চেয়েছিল, রাজাকার-আলবদর-আলশামস বাহিনী, সেই অপশক্তিই আবার উঠে পড়ে লেগেছে। যারা ভাস্কর্য ভাঙছে, মিথ্যা ফতোয়া দিচ্ছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

 

মেয়র নগরবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা শহরকে ভালোবাসবো। নিজের ঘরকে যেভাবে সুন্দর রাখি, এই শহরকেও একইভাবে ভালোবাসবো। আমরা যেন যত্রতত্র ময়লা না ফেলি। আমরা যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলি। ফুটওভারব্রিজ ব্যবহার করে রাস্তা পার হই। জেব্রাক্রসিং ব্যবহার করি। পদ্মা সেতু যেখানে আমরা তৈরি করে ফেলতে পেরেছি। এই শহরকেও আমরা সুন্দর করতে পারব। যত বাধাই আসুক না কেন কোনো বাধাই আমরা মানবো না।