জাতীয় ১ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫৫

বিজিবির নজরদারিতে সিলেটের ছয় সীমান্ত

ডেস্ক রিপোর্ট।। 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) শনিবার প্রকাশ করা হয়েছে। তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। বাদ পড়া ১৯ লাখ মানুষ এখন রাষ্ট্রহীন।

এনআরসি প্রকাশের প্রেক্ষিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত এলাকায় বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি। সীমান্তবর্তী গ্রামগুলোর লোকজনকেও সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে বিজিবি।

 

ভারতের আসাম রাজ্যের সঙ্গে সিলেট জকিগঞ্জ উপজেলার মূল সংযোগ রয়েছে। এছাড়া সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় ভারতের সঙ্গে সীমান্ত রয়েছে।

বিজিবি জানিয়েছে, নিয়মিত টহল আগের চেয়ে বাড়ানো হয়েছে। স্থানীয়দের সর্তক থাকতে বলা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় যারা কৃষিকাজ করে তাদেরকে অস্বাভাবিক কিছু চোখে পড়লে বিজিবিকে জানাতে বলা হয়েছে। তবে এনআরসি প্রভাবে এখনই সীমান্তে কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মনে করছে বিজিবি।

বিজিবি-১৯ (জকিগঞ্জ) এর পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন বলেন, গত বছর প্রথম এনআরসি প্রকাশের পরই হেড কোয়ার্টার্সের নির্দেশে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি। শনিবার মৌখিকভাবে আবারও সতর্কতা জারি করা হয়। সে অনুযায়ী সীমান্তে সর্বোচ্চ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, সিলেটের ছয় উপজেলায় ভারতের সীমান্ত রয়েছে, সেগুলোতে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোনো ধরনের পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ দেখা গেলে তা ঠেকাতে বিজিবি প্রস্তুত আছে।

তবে এসব বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

প্রসঙ্গত, শনিবার ভারতের এনআরসি প্রকাশিত হয়েছে। এতে ১৯ লাখ বাসিন্দা ভারতীয় নাগরিকত্ব হারান।