ডেস্ক রিপোর্ট
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি হাস্যরস করে বলেন, উপায় নাই, নৌকায়ই চড়তে হবে। আমাদের নৌকা অনেক বড়। সবাইকে নেবো। কিন্তু বেছে নেবো। কেউ যেন নৌকা ফুটো করতে না পারে।
‘নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে, প্রশংসা তো করলই না।’
প্রধানমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না। সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।
বিএনপির নেতৃত্বশূন্যতার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধি হওয়ার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, বিএনপি যত বক্তব্য দিক আর যত কথাই বলুক না কেন, তাদের নেতৃত্বের অভাব রয়েছে। সাজাপ্রাপ্ত পলাতক আসামি যখন একটা দলের নেতা, তখন তাদের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস কিছুই থাকে না।
আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষ আওয়ামী লীগের কাছ থেকে সেবা পাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে, কাজেই স্বাভাবিকভাবেই মানুষের আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম স্থানীয় সরকার নির্বাচনগুলোতে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক কথা, আমাদের দুর্ভাগ্য ও হাসি পায় যে, যাদের গায়ে দুর্নীতির ছাপ, যারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ ৫ বার দুর্নীতিকে বিশ্ব চ্যম্পিয়ন হয়েছে। এতিমের অর্থ আত্মসাতের দায়ে যাদের নেতাকে কারাবরণ করতে হয়, ১০ ট্রাক অস্ত্র পাচারের মামলা রয়েছে যাদের বিরুদ্ধে, ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বিরোধী দলের নেতাকে হত্যার প্রচেষ্টার মামলায় যারা সাজাপ্রাপ্ত, তারা যদি জনগণের নেতৃত্বে থাকে, তবে সেই দল জনগণের কাজ করবে কীভাবে। মানুষ এখন আন্তরিকভাবে ভোট দিচ্ছে। এখন ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে, যেখানে কারচুপি করার কোনো সুযোগ নেই।
অতীতের নির্বাচনকালীন প্রহসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১০টা হোন্ডা ২০টা গুণ্ডা নির্বাচন ঠাণ্ডা’-সেদিন আর এখন নেই বা ভোট বন্ধ থাকলেও একজনকে নির্বাচিত ঘোষণা করা হলো- সেদিনও নেই। হ্যাঁ, মেয়র নির্বাচনে কমিশনারদের মধ্যে কখনও কখনও গোলমাল হয়, সেটা আলাদা। অতীতের নির্বাচনগুলো কেমন ছিল সেই প্রশ্ন উত্থাপন করে শেখ হাসিনা বলেন, ‘যাদের গায়ে হাজারো কাদার ছিটা তারা আবার বড় কথা বলে কোন মুখে? সেটাই আমার প্রশ্ন।
তিনি বলেন, আজকাল অনেক কথা এবং অনেক সমালোচনা শুনি, অনেক প্রশ্ন বিএনপি নেতারা করেন। হ্যাঁ প্রশ্ন করেন, সমালোচনা করেন; কিন্তু জানি না তারা আয়নায় নিজেদের চেহারাটা ভালোভাবে দেখেন কি না।


















