আমাদের কাগজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে আর্থিক সংকট কাটিয়ে উঠবে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের মধ্যে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু করোনা মহামারির কারণে আমরা দুই বছর বাড়তি সময়ে নিয়েছি এবং এখন ২০২৬ সালকে টার্গেট করেছি।'
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এর আগে ১৮ দিনের সফর শেষে মঙ্গলবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ও রাজা চার্লসের আয়োজিত একটি সংবর্ধনায় যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান। ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন এবং ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান।
শেখ হাসিনা ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফাঁকে (সাইডলাইনে) বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন।


















