জাতীয় ১১ অক্টোবর, ২০২২ ১০:৪৪

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির সাথে পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন মধ্যে সৌজন্য ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ অক্টোবর ) এ টেলিফোন আলাপ হয়।

জেমস ক্লেভারলির দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম ফোনালাপ। পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এটিকে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

সৌজন্য ফোনালাপের সময় দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এবং রোহিঙ্গা ইস্যুতে সব সময় বাংলাদেশের পাশে থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এ সময় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সফল করার জন্য যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও জোরালো এবং কার্যকরী ভূমিকা রাখার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন ফোরামে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া জলবায়ু ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন তিনি।

ফোনালাপে বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক, বহুপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। গত বছর বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। চলমান সংঘাত এবং এর ফলে সৃষ্ট খাদ্য ও জ্বালানি সংকটের বিষয়টি আলোচনায় স্থান পায়। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উল্লেখ করেন সংঘাতের কারণে সাধারণ মানুষ বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আমাদের কাগজ//টিএ