জাতীয় ৩১ অক্টোবর, ২০২২ ০৪:০২

এক তিন পাত্তি গোল্ডেই ভারতে পাচার ২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: মোবাইল গেমিং এপ হিসেবে অন্যতম একটি নাম তিন পাত্তি গোল্ড। শুরুর দিকে এটি মোবাইল গেমিংয়ে সময় কাটানোর এক মাধ্যম ছিল। তবে সময় যত গড়িয়েছে তরুণ যুবাদের কাছে এটি জনপ্রিয়  হয়েছে অনলাইন জুয়া হিসেবে। নিয়মানুসারে গেমের রেজিস্ট্রেশনের পর একজন গ্রাহককে গেমস খেলার জন্য কিছু চিপস ফ্রি দেওয়া হয়। পরে গেমস খেলার জন্য অর্থের বিনিময়ে চিপস কিনতে হয়। মূলত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে চিপস কিনে অর্থের লেনদেন হয়।

সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

এর আগে, রোববার (৩০ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র‌্যাব-৪ এর অভিযানে রাজধানীর মহাখালী ও উত্তরা এলাকা থেকে তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা দেশের বাইরে পাঠানোর মূলহোতা উল্কা গেমস লি.- এর সিইও জামিলুর রশিদসহ ৬ জনকে আটক করা হয়।  

এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, তিন পাত্তি গোল্ড ২০১৭ সালে ভারতের একটি প্রতিষ্ঠান মুনফ্রগ ল্যাবের সঙ্গে যোগাযোগ ও পরিচয় হয় জামিলুর রশিদের। এরপর ২০১৮ সালে তিনি ওই প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দেড় লাখ টাকা বেতনে চাকরি শুরু করেন।
 
মুনফ্রগ ল্যাবের অনলাইন জুয়া অ্যাপ ‘তিন পাত্তি গোল্ড’- এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় গেমটিকে আরও ছড়িয়ে দিতে দেশে বৈধতা দেওয়ার জন্য কতিপয় আইনজীবীর পরামর্শে সংশ্লিষ্ট দপ্তর থেকে ২০১৯ সালের প্রথম দিকে ‘উল্কা গেমস প্রা. লি.’ নামে একটি গেমিং ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের অনুমোদন নেন জামিলুর রশিদ।  

২০১৯ সালে মুনফ্রগের ০.০১ শতাংশ উল্কা গেমসকে প্রদানের মাধ্যমে দেশে গেমিং খাতে উন্নয়নের জন্য প্রায় দেড় কোটি টাকা প্রদানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। দেশে গেম ডেভেলপমেন্টের অনুমোদন থাকলেও অনলাইন জুয়া/ক্যাসিনোর অনুমোদন না থাকায় উল্কা গেমস বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে সংশ্লিষ্ট দপ্তর থেকে আইনি বৈধতা প্রাপ্তির ব্যবস্থা করে। এভাবেই ‘তিন পাত্তি গোল্ড’ যাত্রা শুরু করে। আর তিন পাত্তি গোল্ডসহ বিভিন্ন অনলাইন জুয়ার মাধ্যমে অন্তত ২০০ কোটি টাকা ভারতে পাঠিয়েছেন উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ।

আটক বাকি সদস্যরা হলেন- সায়মন হোসেন (২৯), মো. রিদোয়ান আহমেদ (২৯), মো. রাকিবুল আলম (২৯), মো. মুনতাকিম আহমেদ (৩৭), কায়েস উদ্দিন আহম্মেদ (৩২)। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, সিপিইউ, সার্ভার স্টেশন, হার্ড ডিস্ক, স্ক্যানার, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেভিট ও ক্রেডিট কার্ড এবং পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও নগদ টাকাসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল অংকের টাকা বিদেশে পাচারের বিষয়টি স্বীকার করেছেন।  

‘তিন পাত্তি গোল্ড’ প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন পাত্তি গোল্ড’ মূলত একটি অ্যাপ যা মোবাইলে ডাউনলোড করে খেলা যায়। এই অ্যাপের সার্বিক নিয়ন্ত্রণ মুনফ্রগ ল্যাবের কাছে রয়েছে। এই অ্যাপে ‘তিন পাত্তি গোল্ড’ ছাড়াও ‘রাখি’, ‘অন্দর বাহার’ ও ‘পোকার’ নামেও অনলাইন জুয়ার গেমস রয়েছে। যে কোনো কাজের পাশাপাশি এই গেম খেলতে পারায় তরুণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে এটি জনপ্রিয়তা পায়। 

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রতিদিন প্রায় ৫০ হাজার কোটি টাকার চিপ বিক্রি হয় এবং প্রতিটি কোটি টাকার চিপ বিক্রি হয় ৪৬-৬৫ টাকায় বিভিন্ন পর্যায়ে। হেরে যাওয়া খেলোয়াড়দের আরও চিপ কিনতে উৎসাহিত করার জন্য প্রধান গেমাররা বিভিন্ন বট প্লেয়ার/রোবট প্লেয়ারদের দ্বারা উত্তেজিত হয়। বাংলাদেশে তিন পাত্তি গোল্ড চিপসের বিক্রয় ১৪ জন অফিসিয়াল ডিস্ট্রিবিউটর/এজেন্টের মাধ্যমে পরিচালিত হয়। এই সমস্ত পরিবেশকদেরও সাব ডিস্ট্রিবিউটর রয়েছে।

এছাড়া প্রাইভেট টেবিল অপশনের মাধ্যমে অন্য প্লেয়ার থেকেও চিপস কেনা করা যায়। বর্তমানে ‘তিন পাত্তি গোল্ড’ এ প্রায় ৯ লাখ নিয়মিত গেইমার রয়েছে এবং প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার চিপস বিক্রি হয় বলে জানা যায়।


আমাদেরকাগজ/টিআর/এইচএম