নিজস্ব প্রতিবেদন।।
গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বস্তরে নিয়মিত সম্মেলনের মাধ্যমে দলকে গতিশীল করার নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং
বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে বলেন।
শনিবার (১৩ সেপ্টম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিয়মিত বৈঠক হিসেবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভাপতিমন্ডলীর সদস্য,সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কার্যনির্বাহী সংসদের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রিবার্ষিক সম্মেলন এর বিষয়ে বৈঠকে আলোচনা করেন কেন্দ্রীয় নেতারা।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগ জনগণের দল। তাই দেশ ও জাতির কল্যাণে সবসময়ই সংগঠনটি নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছে।'
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরোও বলেন, একদশকে বাংলাদেশ যা অর্জন করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদার আসন পেয়েছে। আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল যারা বিরোধী দলে থাকলেও দেশের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এখন বাংলাদেশ সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করার আহ্বান জানান তিনি।
২০৪১ সালের আগেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ দায়িত্বশীল দল হিসেবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্জুমানে মফিদুল ইসলামকে ১০ কোটি টাকাসহ ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৬৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেছেন।




















