নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যাশিত সেবা প্রদানে তাদের আন্তরিকতা ও সদিচ্ছার সাথে দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
বুধবার (৯ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনের সমাপনী বক্তব্যে এ নির্দেশ দেন আইজিপি।
তিনি বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ‘৯৯৯’ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
আমাদেরকাগজ/এইচএম



















