জাতীয় ১৬ নভেম্বর, ২০২২ ০৬:৪৭

নির্বাচনকে সামনে রেখে নতুন ভাবে নামছে ইসি

নিজস্ব প্রতিবেদক: খুব বেশি সময় নেই জাতীয় নির্বাচনের। জনসমাবেশ সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সক্রিয় হচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ৫ শতাধিক নতুন কর্মকর্তা নিয়োগ দেবে নির্বাচন কমিশন (ইসি)। 

বুধবার (১৬ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনার মো. আনিছু রহমান এ তথ্য জানান। এছাড়া পঞ্চম থেকে ষষ্ঠ এবং নবম থেকে ষষ্ট গ্রেডেও পদোন্নতি দেবে সংস্থাটি।

তিনি বলেন, ৫২২টি সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ সৃষ্টি হয়েছে। সরাসরি রিক্রুট হবে কিছু আর বেশিরভাগই হবে পদোন্নতি হবে। আগে এসবের জন্য নিয়োগবিধি ছিল না। আমরা এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখান থেকে এটি সচিব কমিটিতে যাবে। তারা অনুমোদন করলে আমরা পিএসসিকে অনুরোধ করবো নিয়োগের জন্য।

তিনি আরও বলেন, কোনো কোনো জেলায় জেলা নির্বাচন কর্মকর্তা এবং কোনো কোনো জেলায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আছে। ছোট হোক, বড় হোক জেলা তো জেলাই। জেলা প্রশাসক তো দুই গ্রেডের থাকে না। পদটি হলো উপ-সচিব। এখানে ছোট জেলা বড় জেলা হিসেব করা হয়েছিল। ছোট জেলায় ষষ্ঠ গ্রেডের ও বড় জেলায় পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের জেলা ও জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার হিসেবে রাখা হয়েছে। এখন বদলি করা হলে যার যার সম পর্যায়ে জেলাতেই দিতে হয়। এটা একটা সমস্যা। ৪৫ জেলায় পঞ্চম গ্রেড নেই।

উপজেলায় আমরা বলেছি- ৫২২টির মধ্যে ২৩০টি ক শ্রেণির উপজেলায় ষষ্ঠ গ্রেডের করার জন্য বলেছি এবং এখন আছে নবম গ্রেডের কর্মকর্তা। এক্ষেত্রেও আর্থিক ব্যয় নাই বললেও চলে। এখানেও অনেকে বেতন বেড়ে বেড়ে এর চেয়ে বেশি হয়ে গেছে। এতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে একই রকম হবে। উপজেলায় অনেক পদ শূন্য আছে। পাশের উপজেলার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে কাজ ঠিকমতো করতে পারে না। তাই পিএসসির মাধ্যমে সেসব পদও পূরণ করা হবে।

আমাদের কাগজ//জেডআই