জাতীয় ১৭ নভেম্বর, ২০২২ ০১:৩৮

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ অবশেষে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান ।

রাষ্ট্রপ্রধান গত ২৯ অক্টোবর ভোরে স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেখান থেকে ৫ নভেম্বর লন্ডনে পৌঁছান তিনি।

৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন তিনি।

 


আমাদের কাগজ/ এম টি