দুর্ভোগের আঁচ লাগবে না উৎপাদন বাড়লে: প্রধানমন্ত্রী
ছবিঃ ইন্টারনেট
আমাদের কাগজ ডেস্কঃ 'নিজেদের উৎপাদন নিজেরা বাড়াতে পারলে বাংলাদেশে দুর্ভোগের আঁচ লাগবে না' বলে মনে করেন চতুর্থবারের মত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্বে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। খুবই ভয়ানক অবস্থা। সেখানে নিজেদের উৎপাদন নিজেরা বাড়াতে পারলে ওই দুর্ভোগের আঁচ বাংলাদেশে লাগবে না। এটা হলো বাস্তবতা। গতকাল শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের উপদেষ্টা পরিষদের এক সভায় এসব কথা বলেন।
রিজার্ভ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমাদের এখনো যে রিজার্ভ, তা পাঁচ মাসের ব্যয় মেটানোর মতো রিজার্ভ। আমার তিন মাস রাখলেই কিন্তু যথেষ্ট। এর বেশি রিজার্ভ লাগে না। ’
রিজার্ভ নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘এখন কথা হচ্ছে, যারা বিনা পয়সায় ভ্যাকসিন নিয়েছে, চিকিৎসা নিয়েছে, এখন তারা যদি প্রশ্ন উঠায় যে টাকা গেল কোথায়? রিজার্ভ নিয়ে তো খুব আলোচনা। এই খরচগুলোর দিকে কি কারও একটুও নজর আছে? আমাদের দেখি এখন পত্র-পত্রিকায় এতগুলো মিডিয়া সবাই ওই একই কথা বলে বেড়ায়। তারা কি কখনো খুঁজে দেখেছে যে কী কী খরচ আমরা করেছি? কিভাবে করেছি?’
প্রধানমন্ত্রী বলেন, ‘কথা ছিল ঘরে ঘরে আলো জ্বালব। আমরা প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। এখন এই ইউক্রেনের যুদ্ধের পর যেহেতু তেল কিনতে অসুবিধা হচ্ছে, গ্যাস আনতে অসুবিধা হচ্ছে। ...সেখানে কিছু দিনের জন্য আমাদের কষ্ট পেতে হয়েছে। ইনশাআল্লাহ, হয়তো আগামী মাস থেকে এত কষ্ট আর থাকবে না। ’ তিনি বলেন, ‘তার পরও বলব—তেল, পানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। ’
বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই আগামী বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য একজন নেতা হয়ে উঠেছেন। চলমান আর্থ-সামাজিক, ভূরাজনৈতিক, জলবায়ু, প্রযুক্তির ট্রান্সফরমেশন বা পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় শেখ হাসিনা উন্নয়নশীল বিশ্বের আদর্শ প্রতিনিধি হিসেবে বিশ্ব সম্প্রদায়ের সাথে দরকষাকষিসহ নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। বিশ্ব মানব কল্যাণের নানা মৌলিক ক্ষেত্রে তিনি বিশ্ব সম্প্রদায়ের জন্য ধ্রুবতারার মতো ভূমিকা রেখে চলেছেন। শেখ হাসিনা অদূর ভবিষ্যতে কৌশলগতভাবে তার রাজনৈতিক পদক্ষেপগুলোকে বিবেচনা করবেন বলে প্রত্যাশা বোদ্ধামহলের।
আমাদের কাগজ/এম টি