জাতীয় ২৪ নভেম্বর, ২০২২ ০৩:২৩

জনসমুদ্রে রূপ নিয়েছে যশোর স্টেডিয়াম, মঞ্চে প্রধানমন্ত্রী

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে যশোর।  যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা শুরু হয়েছে।

আজ (২৪ নভেম্বর) বেলা একটায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভা শুরু হয়েছে। জেলা সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ। 

নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের স্মরণকালে এটিই সবচেয়ে বৃহত্তম জনসমাবেশ হতে চলছে। তবে মূলত সরকারের উন্নয়নের খবর তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়াসহ আগামীর উন্নয়নে নানা পরিকল্পনার কথাও তুলে ধরবেন সরকারপ্রধান। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জনসভার সব ধরনের প্রস্তুতিও। 

এর আগে, দুপুর ১২টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল। তবে এখনো দূরদূরান্ত থেকে হেঁটে মানুষ জনসভাস্থলের দিকে ছুটছেন। দলীয় নেতা-কর্মীদের স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে জনসভাস্থল। একই সঙ্গে চলছে স্থানীয় আওয়ামী লীগ ও সংসদ সদস্যদের বক্তব্য। আগামী সংসদ নির্বাচনকে ঘিরে কি বার্তা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী, জনসভাস্থলে বসে মন্ত্রমুগ্ধ হয়ে তা শোনার জন্য অপেক্ষার প্রহর গুনছেন বৃহত্তর যশোরবাসী।

আজ সকাল ৮টার পর থেকে মানুষ মাদ্রাসামুখী হতে শুরু করে। তাদের স্বাগত জানাতে রঙিন হয়ে উঠেছে দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর। সকাল থেকেই জনসভাস্থল অভিমুখে মানুষের ঢল দেখা গেছে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাদা গেঞ্জি ও লাল-সবুজ টুপি পরে পুরুষ কর্মী-সমর্থকেরা এবং লাল পাড়ের সবুজ শাড়ি পরে নারী কর্মী-সমর্থকেরা এসব মিছিলে অংশ নেন। সকাল থেকে যশোর শহরের বিভিন্ন সড়কে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজে হাসপাতাল নির্মাণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিককীরণ, ভবদহ জলাবদ্ধতা দূর ও যশোরকে সিটি করপোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর স্থানীয়রা।

যশোরের সর্বস্তরের মানুষের দাবি, স্বপ্নের পদ্মা সেতু ও কালনায় মধুমতি সেতু চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর ফলে যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটেছে। এ উন্নয়ন ও দিন বদলের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে এবং তার মুখে আগামীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরবাসীর দীর্ঘদিনের বাকি চাওয়া-পাওয়া পূরণ করবেন, এমন প্রত্যাশাই এই অঞ্চলবাসীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পর জেলা সফর শুরু করছেন। শুরুতেই আজ বৃহস্পতিবার যশোরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের এই সফরে বিপুল পরিমাণ জনসমাগমের প্রস্তুতি শেষ করেবেন দলটির নেতারা।

 

আমাদের কাগজ/এম টি