জাতীয় ২৫ নভেম্বর, ২০২২ ১০:৪০

গ্রাহক পর্যায়ে

ফেব্রুয়ারিতে বাড়ছে বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক: পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়তে যাচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি মূল্য প্রায় ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ভোক্তা পর্যায়ে দাম বাড়বে না। কিন্তু এর মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিতরণ কোম্পানিগুলো

 কোম্পানিগুলো জানায়, পাইকারি দাম বাড়ায় প্রতিষ্ঠানগুলোর খরচ বেড়েছে।

সোমবার (২১ নভেম্বর) পাইকারিতে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয়। ইউনিটপ্রতি ১ টাকা ৩ পয়সা বাড়ানোর ঘোষণার ফলে বিতরণ কোম্পানিগুলোর খরচ বেড়ে গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এরই মধ্যে তিনটি বিতরণ কোম্পানি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে দাম বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এর জন্য প্রস্তাব করছে। শিগগিরই তারা দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে পাঠাবে।

এ বিষয়ে জানতে চাইলে বিইআরসি সদস্য বজলুর রহমান বলেন, আমরা কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রস্তাব পেয়েছি। পাইকারি দাম বৃদ্ধির ফলে তাদের খরচ বেড়েছে বলে যুক্তি দেখিয়ে তারা দাম বৃদ্ধির আবেদন করেন। আমরা বিষয়টি খতিয়ে দেখে সিদ্ধান্ত দেব।

নিয়মানুযায়ী, মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে পাঠানো হলে তা যাচাইয়ের জন্য একটি গণশুনানির আয়োজন করা হয়। শুনানি শেষে ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে।

সে হিসাবে, আগামী বছরের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে মূল্যবৃদ্ধি সংক্রান্ত ঘোষণা আসতে পারে। পাইকারিতে বিদ্যুতের দাম ১০ শতাংশ বাড়ানো হলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর প্রয়োজন পড়ে। বিদ্যুতের দাম যেহেতু প্রায় ২০ শতাংশ বেড়েছে, সেক্ষেত্রে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ২৫-৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

আমেদেরকাগজ/এইচএম