জাতীয় ২৫ নভেম্বর, ২০২২ ০৪:১৮

স্বাচিপ সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ সম্মেলনে যোগ দেন তিনি। এরপর জাতীয় সংগীত গাওয়া হয়। পরে বেলুন ওড়ানো ও শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।

 

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির পঞ্চম সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সোহরাওয়ার্দীতে জড়ো হতে থাকেন হাজার হাজার চিকিৎসক। বিশেষ অতিথি হিসেবে এর আগেই উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলন উপলক্ষে সকাল থেকে স্বাচিপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। জুম্মার নামাজের পর চিকিৎসক নেতাকর্মীদের আনাগোনা আরও বেড়ে যায়। সম্মেলন উপলক্ষে পেশাজীবী চিকিৎসকরা দলে দলে এসে প্রবেশ করছেন সোহরাওয়ার্দী উদ্যানে। সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে দেখা গেছে নানা উৎসাহ-উদ্দীপনা। এবারের সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রত্যাশা করছে সংগঠনটি।

স্বাচিপ নেতারা জানিয়েছেন, সম্মেলনে হাজার হাজার চিকিৎসক সদস্যের মিলন মেলা ঘটবে। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসকের উপস্থিতির প্রত্যাশা তাদের।

সাত বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে গত দুই সপ্তাহ ধরে স্বাচিপের নেতাকর্মীরা পরিশ্রম করছেন।

 

আমাদের কাগজ/এম টি