নিজস্ব প্রতিবেদক: ‘দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে বাংলাদেশ-নেপাল সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের সম্পর্ক অনেক দৃঢ় হয়েছে।’এমনটা বলেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।
শুক্রবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-নেপাল কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে হিমালয়ের 'ডোলমা খাং' পর্বত শিখর বিজয় উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেপালের নানা পদক্ষেপে দুই দেশের কৃষ্টি-সংস্কৃতি আদান প্রদান ঘটছে। আমরা এই সহযোগিতাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যেতে চাই। পর্যটনসহ নানা অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ-নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দুই দেশ পারস্পরিক সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নেপাল সরকারের পক্ষ থেকে বাংলাদেশি পর্বতারোহীদের আমরা সকল সহযোগিতা প্রদানে প্রস্তুত।
উল্লেখ্য, 'ডোলমা খাং' হিমালয় পর্বতমালার অন্যতম শীর্ষ শৃঙ্গ, এর উচ্চতা ২১ হাজার ৪৪৩ ফুট। গত ১২ অক্টোবর বাংলাদেশ ও নেপালের আট পর্বত আরোহী 'ডোলমা খাং' অভিযানে নামেন।
আমাদের কাগজ//জেডআই




















