নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ থেকে এক শিশুসন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় হাসিনা বেগম (২৭) নামে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় তার ছয় মাস বয়সী ছেলে সিয়াম হোসেনের মরদেহ। আর সেখান থেকে তিন বছর বয়সী আরেক সন্তান সাদিয়া হোসেন ছোঁয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুসন্তানকে হত্যার পর হাসিনা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
জানা গেছে, রাত ৯টার দিকে খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল রায়েরবাজারের গদিঘর এলাকার বাসায় গিয়ে হাসিনার লাশ উদ্ধার করে। এ নারীর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সালমান হোসেন (৮) নামে আরেকটি সন্তান রয়েছে। ঘটনার সময় সে বাসায় ছিল না।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের মা হাসিনা তাদের গলা টিপে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’
হাসিনা বেগম গাড়িচালক সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম জানান, সন্ধ্যায় পাশের বাসার ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে বাসায় গিয়ে স্ত্রী হাসিনাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আর দুই সন্তান বিছানায় পড়ে ছিল। এ সময় বড় ছেলে সালমান কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। দুই সন্তানের মধ্যে সাদিয়া বেঁচে আছে ভেবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ছোট ছেলে সিয়ামের ঠাণ্ডা লেগেছে। এ নিয়ে বিকেলে স্ত্রী হাসিনাকে সামান্য বকাঝকা করে বাসা থেকে বের হয়ে যান। তার ধারণা, দুই সন্তানকে হত্যা করে হাসিনা আত্মহত্যা করেছে।
আমাদেরকাগজ/এইচএম


















