জাতীয় ১১ ডিসেম্বর, ২০২২ ০৮:৩৭

ভাঙ্গায় ছেলের হাতে পিতা খুন 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেদে ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর মহল্লায় এ ঘটনা ঘটেছে। 

জানা যায়, নিজের ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

 

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবাকে আঘাত করেন ছেলে নাঈম ফকির (১৯)। এতে বাবা কিবরিয়া ফকির গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মারফত জানা গেছে, নিহতের গলা, ঘাড়, পিঠ ও কানে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জের ধরে নিহতের ছেলে শরীরের বিভিন্ন স্থানে চাকু দিয়ে আঘাত করার খবর পেয়েছি। হাসপাতালে নেওয়া পথেই সে মারা যায়। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক পুত্রসহ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

আমাদের কাগজ/এম টি