আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর ডেমরায় একটি পাঁচতলা ভবন থেকে এক নারী ও তার সন্তানসহ নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে। এছাড়া তার সন্তান গুরুতর আহত এবং আশঙ্কাজনক বলে জানা গেছে।
রোববার (১৮ ডিসেম্বর) ডেমরা সানারপাড় এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে নারী ও তার আহত সন্তানের নাম জানাতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) ফারুক মোল্লা বলেন, আজ ডেমরা সানারপাড় এলাকায় এক নারী তার সন্তানসহ পাঁচতলা ভবন থেকে নিচে পড়ে গেছেন। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে এবং তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, ওই নারীটি তার সন্তানসহ আত্মহত্যা করতে চেয়েছিলেন নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদসহ তদন্ত ও খতিয়ে দেখছি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
আমাদের কাগজ/এম টি


















