জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০১:৩১

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই: সেতুমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক। তবে পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে বলে জানান তিনি।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকা দিয়ে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে যেতে পারবেন যাত্রীরা। মেট্রোরেলে কোন হাফ পাস (ভাড়া) নেই। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবে। যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক।

এদিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ দেশের প্রথম এ মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ঠিক করেছে ৫ টাকা। গত ৮ সেপ্টেম্বর ভাড়ার পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়। তবে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তার মানে মেট্রোরেলে চড়তে ন্যূনতম কুড়ি টাকা গুনতেই হবে।

উত্তরা দিয়াবাড়ি (উত্তরা নর্থ স্টেশন) থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ভাড়া ঠিক করা হয়েছে ৬০ টাকা। উত্তরা নর্থ স্টেশন থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ওই ২০ টাকাই দিতে হবে। 

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পাস নিলে ১০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা নিতে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী কোম্পানি ডিএমটিসিএলকে নির্দেশনা দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। পাশাপাশি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিনা ভাড়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ছাড়ের ব্যবস্থা নিতেও বলা হয়েছে। 

প্রসঙ্গত, মিরপুরবাসী দীর্ঘভোগান্তি-ত্যাগ শেষে মেট্রোরেলের উদ্বোধন হতে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত এখানকার বাসিন্দারা। তারা বলছেন, স্বপ্নের এ মেট্রোরেল তাদের প্রতিদিনকার জীবনকে আরও সহজ করে দেবে। 

এ দিকে মেট্রোরেল চালুর সাথে সাথে রয়েছে বেশকিছু নির্দেশনাও। জানা যায়,চালু হওয়ার পর প্রথমদিকে মেট্রোরেল প্রতিদিন ৪ ঘণ্টা করে চালানো হবে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। যাত্রীরা মেট্রোরেল ব্যবহারে অভ্যস্ত হওয়ার সাথে সাথে মেট্রোরেল পরিচালনার সময় বাড়ানো হবে।

আমাদের কাগজ/এম টি