নিজস্ব প্রতিবেদক: দেশের বিরুদ্ধে কোনো মিথ্যা ও বানোয়াট খবর বিদেশে ছড়িয়ে পড়লে ঢাকার সিদ্ধান্তের দিকে না তাকিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশি মিশন প্রধানদের নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
রোববার (১ ডিসেম্বর) বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিদেশে বসে দেশবিরোধী প্রচারণা রোধে রাষ্ট্রদূত/হাইকমিশনারদের কী বার্তা দেওয়া হয়েছে জানতে চান সাংবাদিকরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলেছি—কেউ যদি মিথ্যা ও বানোয়াট তথ্য দেয় আপনারা (দূতরা) চুপ করে ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবেন না। মন্ত্রণালয় যখন আপনাকে হুকুম দিলো, তখন আপনি এর উত্তর দেবেন, নো। আপনি একজন দায়িত্বশীল মানুষ। সরকার আপনাকে সর্বোচ্চ কাজ দিয়েছে। আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন।
তিনি বলেন, আমরা বলেছি, এখন থেকে আপনারা রেসপন্স করবেন এবং আমাদের জানাবেন। কেউ কেউ (দূতরা) খারাপ কিছু হলে তারা আমাদের জানাতে চান না, তারা লজ্জা পান। লজ্জার কোনো কারণ নেই। আমাদের সব মিশন মিলেই পররাষ্ট্র মন্ত্রণালয়।
আমাদেরকাগজ/এইচএম

















