জাতীয় ৫ জানুয়ারি, ২০২৩ ০৯:৪৫

বছরের প্রথম সংসদ অধিবেশন শুরু বিকেলে

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদের ২১তম এবং চলতি বছরের (২০২৩) প্রথম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। 

তার আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতাসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। তথ্য অনুযায়ী,সভায় অধিবেশনের কার্যদিবস এবং সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে সংসদ উপনেতার পদটি শূন্য হয়। 

তাই এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। 


এদিকে অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।

এ বছর ডিসেম্বরের শেষে অথবা আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আভাস রয়েছে। প্রতি বছরই বছরের সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন। এরপর রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এনে আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের এই অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে গত তিন বছর অধিবেশনের মেয়াদ স্বল্প দিন হলেও এ অধিবেশন তুলনামূলক দীর্ঘ হতে পারে।

এই অধিবেশনে কয়েকটি নতুন বিল উপস্থাপন এবং আগে উপস্থাপিত বিলের মধ্যে কয়েকটি পাসের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এবারের অধিবেশনেও সংসদ সদস্য এবং সংসদের অধিবেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবার কোভিড পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলে সংসদ ভবনে প্রবেশাধিকার থাকবে।  

স্পিকার- ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে নামের অগ্রবর্তী ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন।

সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।

আমাদের কাগজ/এম টি