জাতীয় ১৬ জানুয়ারি, ২০২৩ ০৪:০৯

বিএনপির চিকিৎসা দরকার :কাদের

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,নেতিবাচক রাজনীতি করে, ধংসের রাজনীতি করে, ষড়যন্ত্রের রাজনীতি করে, মানুষ হত্যার-ভোট চুরির রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাদের চিকিৎসা দরকার। 

সোমবার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, অসুস্থ হলে বিএনপি নেতারা হাসপাতালে যাবেন- এটা নিয়ে কটাক্ষের কিছু নেই। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনার অর্জন দেখে মনের জ্বালায় অসুস্থ হয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাসপাতালে কিনা জানা নেই। তারা অসুস্থ হতেই পারেন। কিন্তু দলটাকে অসুস্থ করে ফেলেছেন। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চাইলে বাংলার মানুষ বসে থাকবে না।

'বিশৃঙ্খলা' ঠেকানোর জন্য সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, 'মানুষের জানমাল নিয়ে খেলবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো? হবে না।

'খেলা হবে। জোর খেলা হবে, তুমুল খেলা হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে নির্বাচনে ফাইনাল খেলা হবে।'


আমাদের কাগজ/এমটি