আমাদের কাগজ ডেস্কঃ সরকার নারীসমাজকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। আমরা আরও এগিয়ে যাব। সেটা মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব।’
প্রধানমন্ত্রী বলেন,‘তার সরকার নারী সমাজকে সাথে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে।’এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের (এইউডব্লিউ) কাউন্সিল অব প্যাট্রনসের প্রতিনিধি দল রোববার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রোববার (২২ জানুয়ারি) চট্টগ্রাম ভিত্তিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার। এসময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার সরকারের প্রধান লক্ষ্য।
এ প্রসঙ্গে তিনি এইউডব্লিউ প্রতিনিধি দলকে এমন শিক্ষাক্রম প্রণয়ন করতে বলেন-যা শিক্ষার্থীদের উদ্যোক্তা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে।
এই বিশ্ববিদ্যালয়ের জন্য তিনি জমি দান করেছেন বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, যে কোনো দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য।
তিনি সংক্ষিপ্তভাবে তাঁর সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। বৈঠকে আফগানিস্তানের প্রসঙ্গ এলে প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে নারীদের শিক্ষা বন্ধ করার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, ইসলাম সর্বদা নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলে।
আমাদের কাগজ/এমটি


















