আমাদের কাগজ রিপোর্ট: ক্রমবর্ধমান বাড়তি খরচে কপালে চিন্তার ভাজ পড়েছে কৃষকের। লাভের চিন্তা তো দূরে থাক খরচ তুলে আনতে পারেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক।
এ নিয়ে কথা হলে কৃষক রমিজ ব্যাপারি বলেন, ৪ বিঘা জমিতে ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। তবে, তিনি ধারণা করছেন, সবকিছুর দাম বেড়ে যাওয়ায় গত মৌসুমে চেয়ে এবার তাকে অন্তত ২0-২৫ হাজার টাকা বেশি খরচ করতে হবে।
শেষ পর্যন্ত ধান বিক্রর সময় এই বাড়তি খরচ তুলে আনতে পারবেন কি না তা নিয়ে শঙ্কায় আছেন গাইবান্ধার এই কৃষক।
টিলার মেশিন ও পানির পাম্প, সার, কীটনাশক, বীজ, শ্রমিকসহ সবকিছুর জন্য এখন প্রতি বিঘা জমির জন্য প্রায় ১৯ হাজার ৯০০ টাকা খরচ হবে। গত বছর যে খরচ ছিল ১৪ হাজার ৯০০ টাকা।
রমিজ ব্যাপারি বলছেন, 'এবারের বাড়তি খরচ আমার জন্য বিরাট বোঝা। গত বছরই তো খুব একটা লাভ করতে পারিনি।' যারা অন্যের জমিতে চাষ করেন, তাদের জন্য এবার বোরো চাষ করে লাভ করা আরও কঠিন হবে বলে যোগ করেন তিনি।
রমিজ ব্যাপারির মতো উত্তরাঞ্চলের ১৬টি জেলার লক্ষাধিক চাষির বোরো ধান চাষের খরচ অন্তত ২৫ শতাংশ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন যে সামনে খরচ আরও বাড়তে পারে।
খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় এ বছর বোরোর ভালো ফলন খুব বেশি গুরুত্বপূর্ণ। সরকারের উচিত অবিলম্বে এই বাড়তি খরচ কৃষককে নগদ সহায়তা হিসেবে দেওয়া। দেশের বার্ষিক ধান উৎপাদনের ৫৪ শতাংশই বোরো থেকে আসে জানিয়ে কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, নগদ প্রণোদনা পেলে কৃষক আরও বেশি জমিতে ধান চাষে উৎসাহিত হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর রংপুর ও দিনাজপুর অঞ্চলে বোরো ধানের গড় উৎপাদন খরচ ছিল প্রতি বিঘায় ১৪ হাজার ৯০০ টাকা এবং রাজশাহী ও বগুড়া অঞ্চলে ছিল ১৭ হাজার ৪৫০ টাকা। প্রতিটি অঞ্চল ৪টি জেলা নিয়ে গঠিত। অধিদপ্তরের ধারণা, এ বছর উত্তরাঞ্চলের ১৬টি জেলায় ১৩ দশমিক ২৫ লাখ হেক্টর জমিতে বোরো চাষ হবে। যা দেশের মোট বোরো চাষযোগ্য জমির ২৬ দশমিক ৫ শতাংশ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান বলেন, 'খেতে চাষ ও সেচ দিতে কৃষকের ডিজেল দরকার। সরকার ভর্তুকি না দিলে বোরোর দাম বাড়বে। তিনি বলেন, 'গত বছর আমন উৎপাদন ভালো হলেও চালের দাম কমেনি। মজুতদাররা আগামীতে চালের দাম আরও বাড়বে বলে অপেক্ষায় আছে।'
দিনাজপুরের বিরল উপজেলার কৃষক তরুণ বলেন, 'সরকার ডিজেল ও সারের দাম বাড়ানোর পর থেকে কৃষিকাজের সবকিছুর খরচ বেড়েছে। গত বছর, ডিজেলের দাম ৪২ দশমিক ৫ শতাংশ বেড়েছে এবং প্রতি কেজি ইউরিয়া সারের দাম ১৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা।
দিনাজপুরের কৃষক রতন জানান, এক বিঘা জমি তৈরি করতে গত বছরের চেয়ে খরচ বেড়ে ৯০০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকা হয়েছে, চারা বপনে খরচ ১ হাজার টাকা থেকে বেড়ে ১ হাজার ৫০০ টাকা হয়েছে, সেচ বাবদ খরচ ১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ১ হাজার ৬০০ টাকা হয়েছে, সার বাবদ খরচ ২ হাজার থেকে বেড়ে সাড়ে ৩ হাজার টাকা হয়েছে, কীটনাশক ও অন্যান্য খরচ ৮০০ টাকা থেকে বেড়ে প্রায় ১ হাজার ২০০ টাকা হয়েছে।
নওগাঁর এক কৃষক বলেন, 'এ বছর প্রতি বিঘা জমিতে ৬ হাজার টাকা লাভ করাও কঠিন হবে। তারপরও সবকিছু নির্ভর করছে আবহাওয়াসহ আরও অনেক কিছুর উপর।'
রংপুরের জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম হাক্কানী বলেন, 'অধিকাংশ সুবিধাবঞ্চিত কৃষকের কাছে পর্যাপ্ত অর্থ নেই। তাদের বেশিরভাগই স্বল্প সুদে ব্যাংক ঋণ নিতে পারেন না। ফলে তাদেরকে চড়া সুদে মহাজনদের কাছ থেকে ঋণ নিতে হয়। সরকারের উচিত এই কৃষকদের নগদ সহায়তা দেওয়া।'
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, 'কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ালে খরচ কমানো যেতে পারে।'
আমাদের কাগজ/টিআর


















