জাতীয় ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:৫৮

বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর কারণ জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে ভর্তুকি কমিয়ে আনতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আর বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি মূল্য অস্বাভাবিক পরিমাণে বেড়ে যাওয়ায় গ্যাসের দাম বাড়ানো হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস দৈনন্দিন জীবনে একান্ত অপরিহার্য দুটি উপাদান। ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা, কৃষি, পর্যটন সব কিছুই বিদ্যুৎ ও গ্যাসের ওপর নির্ভরশীল। সার্বিকভাবে দেশকে সচল রাখতে বিদ্যুৎ ও গ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।’   

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার পর বিদ্যুৎ ও গ্যাস খাতের উন্নয়নে নানা পরিকল্পনা নেওয়ার পাশাপাশি বাস্তবায়ন করেছে। ফলে বিগত ১৪ বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পাঁচগুণেরও বেশি বেড়েছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে।’   

শেখ হাসিনা বলেন, ‘মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট-ঘণ্টা থেকে বেড়ে ৬০৯ কিলোওয়াট-ঘণ্টায় উন্নীত হয়েছে। গ্যাসের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে। ২০০৮ সালে দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট। ২০১৮ সালে দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ২ হাজার ৭৫০ মিলিয়ন ঘনফুটে। বর্তমানে দৈনিক গ্যাস উৎপাদন ক্ষমতা ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমদানিকৃত তরল গ্যাসের ব্যবহার, আন্তর্জাতিক বাজারে গ্যাস ও জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়া, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ, উৎপাদন ব্যয় ও বিক্রয় দামের মধ্যে সমন্বয়, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার মূল্যমানের সমন্বয়ের কারণে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ে দাম বাড়ানো হয়ে থাকে।’

শেখ হাসিনা বলেন, ‘২০১১-১২ অর্থবছরে বিদ্যুতে ভর্তুকির পরিমাণ ছিল প্রায় ৩০ হাজার কোটি টাকা। দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় পর্যায়ক্রমে বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।’

আমাদেরকাগজ/এইচএম