জাতীয় ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫৩

উপ-নির্বাচনে প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারে থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা রাখে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘১ ফেব্রুয়ারি ছয়টি আসনে উপ-নির্বাচন হয়েছে। এ নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেননি। এ উপ-নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ সরকারে থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা রাখে।’

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন যে, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হবে না। এখানে নাকি অনির্বাচিত সরকার আনতে হবে। আমার প্রশ্ন, এই যে ছয়টি উপ-নির্বাচন হলো, এই নির্বাচন সম্পর্কে কেউ তো একটি কথাও বলতে পারেননি। বাংলাদেশের একজন মানুষও কি এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে পেরেছেন? তবে কিছু লোক আছে, তাদের সবসময় উল্টো কথা বলতেই হবে।’

তিনি বলেন, ‘এ নির্বাচন যে স্বচ্ছ হয়েছে, অবাধ নিরপেক্ষ হয়েছে, এটা কি প্রমাণ করে না যে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষভাবেই নির্বাচন অনুষ্ঠিত করার সক্ষমতা রাখে? সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করেনি, করেও না, করবেও না।’

সরকারপ্রধান বলেন, ‘জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্যই তো আমাদের আন্দোলন। জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করেছি। সেই সংগ্রামের সাফল্য বয়ে এনে আজকে ভাতের অধিকার যেমন আমরা নিশ্চিত করেছি, ভোটের অধিকারও আমরা নিশ্চিত করেছি।

আমাদেরকাগজ/এইচএম