নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মো. সাহাবুদ্দিন গণমাধ্যমকে বললেন, আমি একটি আদর্শকে লালন করতে পারি। কিন্তু জনগণের বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আমার কোনো কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয়। আমার এটাই ব্রত থাকবে, জনগণের দ্বারা একটি ভালো নির্বাচন করানো এবং সকল সিদ্ধান্ত নিরপেক্ষভাবে নেওয়া।
বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ আগামী ২৩ এপ্রিল অবসরে যাবেন। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি বলেন, আমি একটি আদর্শকে লালন করতে পারি, কিন্তু আমাকে জনগণের বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে আমাকে হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আমার কোনো কর্মকাণ্ড যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই চেষ্টাই থাকবে সবসময়। আমার এটাই ব্রত থাকবে, জনগণের দ্বারা একটি ভালো নির্বাচন করানো এবং সকল সিদ্ধান্ত নিরপেক্ষভাবে নেওয়া।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনার প্রথম কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা কী? জানতে চাইলে মো. সাহাবুদ্দিন বলেন, ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সরকার, সরকার পদ্ধতি ও দেশ পরিচালিত হোক এটাই সাধারণ মানুষের কামনা থাকে। আমিও, (তেমন কিছু কামনা করি)। রাষ্ট্রপতি হলেও আমিও একজন সাধারণ ভোটার। যে দল থেকেই মনোনীত হই না কেন, নির্বাচনের সময় হোক অথবা কোনো বিশেষ সময়ে যদি প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের প্রশ্ন ওঠে তাহলে আমাকে সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে থাকতে হবে।
তিনি বলেন, সংবিধান বলে রাষ্ট্র আমাকে যেটুকু অধিকার দিয়েছে, সেটুকু যেন আমি পরিপূর্ণ করতে পারি। আমি আল্লাহ’র কাছে সেই প্রার্থণা করি। আল্লাহ যেন সেই শক্তিটা দেন। সেই শক্তিবলে বলীয়ান হয়ে আমি যেন আমার দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারি।
আমাদেরকাগজ/এইচএম


















