জাতীয় ৪ এপ্রিল, ২০২৩ ০৯:৩৬

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়ছে উল্টো পাশের মার্কেটেও

আমাদের কাগজ রিপোর্ট: রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন রাস্তার উল্টোপাশেও ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতায় সড়কে রাখা ফায়ার সার্ভিসের বিভিন্ন গাড়িগুলো দূরে সরিয়ে ফেলতে হয়েছে। দূরে থাকা গাড়িগুলো থেকে সংযোগ দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা যায় ফায়ার সার্ভিস কর্মীদের।

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে পানি সংকট দেখা দিয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। মার্কেটে গার্মেন্টস পণ্য ও নানা রকম কাপড় থাকায় আগুনের ব্যাপকতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে চারপাশ।

এদিকে আগুনের সবকিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা আহাজারি করছেন। খবর পেয়ে আগে যারা ঘটনাস্থলে আসতে পেরেছেন তারা যে যার মতো করে দোকান থেকে কিছু কিছু জিনিস বের করেছেন। তবে বেশিরভাগ ব্যবসায়ীরাই কোনও মালামাল বের করতে পারেননি বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ব্যবসায়ী শরিফুল ইসলাম জানান, লোন নিয়ে ব্যবসা করছিলাম। এখন আমাদের সব শেষ।

সকাল ৬টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস কর্মীদের ফ্লাইওভারের উপর এবং বিভিন্ন ভবনের উপর থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছুড়ছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

 

 

 

 

আমাদের কাগজ/টিআর