জাতীয় ১২ জুন, ২০২৩ ০৭:১৪

নিরাশ হওয়ার কিছু নেই, ‌ভবিষ্যতে দেখব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৭ আসনের মনোনয়নপ্রত্যাশী সবাইকে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরাশ হওয়ার কিছু নেই, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সবাই ভালো থাকবেন। ক্ষমতায় না এলে সবার কষ্ট হবে।

সোমবার (১২ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও দলীয় প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ঢাকা-১৭ আসনের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই যোগ্য আছেন, একজনকে তো দিতে হবে। সব হিসাবনিকাশ মিলিয়ে আমরা একজনকে মনোনয়ন দিয়েছি। যাদের মনোনয়ন দিতে পারিনি তাদের হয়ত কষ্ট লাগবে, কারণ তারাও যোগ্য। আমরা অবশ্যই সামনের দিনে তাদের দেখব। 

এ সময় বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসন থেকে ১৮ জন মনোনয়নপ্রত্যাশী।

আমাদেরকাগজ/এইচএম