জাতীয় ২৩ জুন, ২০২৩ ১১:০৪

আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি : প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছি। যার মধ্য দিয়ে আজকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে।

আজ শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধনের সময় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সরকারের নানান উন্নয়নের কথা তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটি আজকের প্রমাণিত সত্য।

সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ ও শিক্ষার আলো পৌঁছে গেছে। আমরা তৃণমূল পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছি, মানুষের যাতায়াতের সুবিধা করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। গ্রামপর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন দিয়েছি। আর্থসামাজিক উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশ আরও উন্নত-সমৃদ্ধ হবে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশ সারাবিশ্বে যে মর্যাদার আসন অর্জন করেছে, সেই অর্জন ধরে রেখেই বিশ্বে আরও উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সেটাই আমার প্রতিজ্ঞা।

শেখ হাসিনা বলেন, অবৈধভাবে যারা সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল, তারা এ দেশের স্বাধীনতার চেতনাকে ধূলিসাৎ করেছিল। অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সন্ত্রাসী দল বিএনপি-জামায়াতসহ, যারা স্বাধীনতার চেতনা বিশ্বাস করে না, তারা এদেশকে ধ্বংস করবে। কিন্তু আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে, তখনই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এটি আজকের প্রমাণিত সত্য।

আমাদেরকাগজ/এমটি