জাতীয় ২৬ জুন, ২০২৩ ০৭:২৯

গাবতলী টার্মিনালে টিকিটের হাহাকার

আমাদের কাগজ রিপোর্ট: ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীর বৃহৎ অংশের মানুষ। গতকাল রোববার থেকে এবারের ঈদযাত্রা শুরুর পর আজ সোমবার নগর ছাড়ার তোড়জোড় দেখা গেছে অনেকের মাঝেই। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, আগামীকাল মঙ্গলবার ঘরমুখো মানুষের চাপ বাড়বে কয়েক গুণ। যদিও ইতোমধ্যেই টিকিটশূন্য হয়ে পড়েছে গাবতলী বাস টার্মিনাল।

সোমবার (২৬ জুন) দুপুরে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের বেশ চাপ দেখা গেছে। গ্রামের পানে ছুটতে অনেকেই ঈদের আগাম টিকিট কিনে রেখেছিলেন দূরপাল্লার বাসের। মূলত সোমবার সকাল থেকে টার্মিনালে তাদেরই আনাগোনা ছিল বেশি।

তবে এরমধ্যে অনেককেই দেখা গেছে যারা এসেছেন তাৎক্ষণিক টিকিট কেটে গ্রামের পথে রওয়ানা হতে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যেতে গাবতলী বাস টার্মিনালে এসেছেন তরিকুল ইসলাম। আলাপকালে তিনি বলেন, ‘টিকিট আগেই কাটা ছিল। ঈদ সবসময় গ্রামেই করি। তাই একটু আগেই যাচ্ছি।’

বাসের জন্য টার্মিনালে অপেক্ষমাণ আবেদ হোসেন যাবেন যশোর। টিকিট কেটেছেন সাকুরা পরিবহনের।  তিনি বলেন, ‘টিকিট আগেই কাটা। পরিবার নিয়ে ঈদের ছুটিতে যাচ্ছি। রাস্তায় জ্যাম হতে পারে। তাই একটু আগেভাগেই যাচ্ছি।’

এদিকে, সাতক্ষীরা যেতে টিকিট কাটতে এসেও খালি হাতে ফিরতে হয়েছে মইনুদ্দিনকে। নগরীর মিরপুর এলাকার এই বাসিন্দা  বলেন, ‘আগে টিকিট কাটা হয়নি। আসলে বাড়ি যাওয়ার পরিকল্পনা ছিল না। এখন যেতে হচ্ছে। টিকিটের জন্য আসছি। কিন্তু কোথাও পাচ্ছি না। আজকেরও টিকিট নাই, আগামীকালের বা পরশু দিনেরও নাই। যেহেতু বাড়ি যেতে হবে, তাই সরাসরি গাড়ি না পেয়ে এবার বাস পরিবর্তন করে-করে যাওয়ার পরিকল্পনা নিয়ে টার্মিনালে ঘোরাফেরা করছেন তিনি।

অন্যদিকে, যেসকল যাত্রীরা সরাসরি বাসের টিকিট পাননি কিংবা গাড়ি পরিবর্তন করে যেতে আগ্রহী, তাদের জন্যও ব্যবস্থা রয়েছে গাবতলী বাস টার্মিনালে। আরিচা ঘাটপাড় পর্যন্ত যাত্রী পরিবহন করছে অনেক বাস। আবার ঘাট পাড়ি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্যও ঘাটের ওইপাড়ে রয়েছে অন্য বাস।

গাবতলী হাটের পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগাম টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আগামীকালের (মঙ্গলবার)। ফলে এ দিন যাত্রীর চাপ থাকবে অনেক বেশি। যদিও সোমবারও টার্মিনালে যাত্রীর চাপ দেখা গেছে।এবার গাবতলী বাস টার্মিনালের অনেক পরিবহন প্রতিষ্ঠান তাদের টিকিট বিক্রি করেছেন অনলাইনে। ফলে টিকিট প্রত্যাশীরা আগে থেকেই ঘরে বসে নির্দিষ্ট তারিখের টিকিট কেটে নিয়েছেন।

টার্মিনালের সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার আল আমিন ঢাকা মেইলকে বলেন, ‘টিকিট সব অনলাইনে ছিল। আজকের ডেটের বা আগামীকালের কোনো টিকিট নাই। যারা অগ্রিম টিকিট কেটেছিল, তারাই এখন যাচ্ছেন।’

একইভাবে টিকিট বিক্রি করেছে এস বি সুপার ডিলাক্স পরিবহন। প্রতিষ্ঠানটির গাবতলীর কাউন্টার মাস্টার জিল্লুর রহমান বলেন, ‘আজ তেমন ভিড় নাই। ভিড় হবে আগামীকাল। এখন কোনো তারিখেরই টিকিট নাই।’

 

আমাদের কাগজ/টিআর