নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল চার দিনের সফরে ঢাকায় এসেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি থেকে তারা ঢাকায় হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এসময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর এবারই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় সফরে এলেন। প্রতিনিধি দলটি এর আগে দিল্লিতে তিন দিনের সফর সম্পন্ন করে।
চার দিনের সফরে সরকারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দল বৈঠকে জানতে চাইবেন কীভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা হবে। সেই সঙ্গে দুই দেশের আলোচনায় গুরুত্বপাবে বাণিজ্য, রোহিঙ্গা সংকট, শ্রম ও মানবাধিকার।
আমাদেরকাগজ/এইচএম




















