জাতীয় ১৭ জুলাই, ২০২৩ ০৬:৩৪

হাসপাতালে থেকে বাসায় ফিরছেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হিরো আলমকে রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাসায় ফিরছেন হিরো আলম।

সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন উপ-নির্বাচনে একতারা প্রতীকের প্রার্থী হিরো আলম।

উপ-নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস বলেন, আমরা সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার ঘটনা ঘটে। এরপর বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে।

এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী। আটককালে তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।

বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়। 

আমাদেরকাগজ/এইচএম