জাতীয় ১৭ জুলাই, ২০২৩ ০৬:৪২

৪৩ কেন্দ্রের ফল

হিরো আলমের চেয়ে সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়ে আরাফাত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখনো বাকি রয়েছে ভোট গণনা। এদিকে ৪৩টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ৭ হাজার ২৯২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৩ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ৪২৭ ভোট।

 এর আগে আজ সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে।জানা যায়, এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মাত্র ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এই উপনির্বাচনে মোট আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের মো. রাশিদুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মো. রেজাউল ইসলাম স্বপন, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের শেখ হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীকের মো. আশরাফুল হোসেন আলম এবং ট্রাক প্রতীকের মো. তরিকুল ইসলাম ভূঁইয়া।

এদিন ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।


আমাদেরকাগজ/এমটি