জাতীয় ২২ জুলাই, ২০২৩ ০৬:৩০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ যথেষ্ট সক্ষমতা অর্জন করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ। দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আমরা গর্বিত।

শনিবার (২২ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে ‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয়: প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

মানবসৃষ্ট বিপর্যয় থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা দেয়ালের রাজধানী হয়ে গেছে। একটি দেয়ালের সাথে আরেকটা দেয়াল ঘেঁষে দালান করা হচ্ছে। কেউ কেউ দালান না করলেও সীমানা দেয়াল দিচ্ছেন। নগরবাসীদের সময় এসেছে দেয়াল দেওয়ার প্রবণতা থেকে সরে আসার। তা না হলে একটু ভেতরের দিকের বাড়িগুলোতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারবে না। আমরাই এখন দুর্যোগ সৃষ্টির কারণ হচ্ছি। এসব ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি।

মন্ত্রী বলেন, ভূমিকম্প-প্রবণ এলাকায় পর্যাপ্ত মাঠ রাখতে হবে। যাতে মানুষ ভূমিকম্প চলাকালীন আশ্রয় নিতে পারে। যেকোনো অগ্নিকাণ্ডে পানির প্রয়োজনে জলাশয়গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা তৈরি করতে হবে।


আমাদেরকাগজ/এইচএম