জাতীয় ২২ জুলাই, ২০২৩ ০৭:৩৩

প্রজাতন্ত্রের কর্মচারীদের আরও বেশি জনবান্ধব হতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: জনগণের সেবক হিসেবে কাজ করা সরকারি কর্মচারীদের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নাগরিক সেবা সহজ, সুলভ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রজাতন্ত্রের কর্মচারীদের আরও বেশি জনবান্ধব ও আন্তরিক হতে হবে।

শনিবার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন।

আগামীকাল রোববার ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩’ উপলক্ষ্যে প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে এর সম্ভাবনাগুলো জনগণের কল্যাণে কাজে লাগাতে জনপ্রশাসনের কর্মচারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রের সার্বিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে সরকারের নীতি-কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নে দক্ষ, গতিশীল ও জবাবদিহিমূলক জনপ্রশাসনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি বলেন, জনপ্রশাসনের সকল কর্মবিভাগে নিযুক্ত কর্মচারীদের সৃজনশীলতা, উদ্ভাবনী প্রয়াস, সেবা সহজীকরণ ও গঠনমূলক কার্যক্রমকে উৎসাহিত করতে ও সরকারের উন্নয়ন-অগ্রগতি ত্বরান্বিত করতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি উদ্ভাবনী কর্মের স্বীকৃতিস্বরূপ এ বছর জনপ্রশাসন পদকপ্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘রূপকল্প-২০২১’ এর সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর ন্যায় মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। সর্বপরি সরকারের সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে করোনা অতিমারির সময়েও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ছিল। ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান।

 

আমাদেরকাগজ/এইচএম