জাতীয় ৬ অক্টোবর, ২০১৯ ০২:৪৮

যুবলীগ নেতা সম্রাট আটক

ডেস্ক রিপোর্ট।। 

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে ও তার সহযোগী আরমানকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে আটক করা হয়। আজ রবিবার ভোর ৫টার দিকে তাকে থেকে আটক করা হয়। এসময় তার অন্যতম সহযোগী আরমানকেও আটক করা হয়। আজ রবিবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে র‌্যাব।

যুবলীগের প্রভাবশালী নেতা ইসমাইল চৌধুরী সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যেই ছিলেন। এই সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়ে ছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

 সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে আটক করে  র‌্যাব। ক্যাসিনোগুলো চলে মূলত ইসমাইল হোসেন সম্রাটের ইশারায়, জিজ্ঞাসাবাদে এমন কথা খালেদ জানিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়।

এর পর, গ্রেপ্তার এড়াতে কয়েকশ নেতাকর্মীর পাহারায় কাকরাইলের যুবলীগের কার্যালয়ে রাতযাপন করেছেন সম্রাট- এমন সংবাদ আসে। পরে বিভিন্ন গণমাধ্যমে এমন খবরও এসেছে যে- দেশ ছেড়ে পালিয়েছেন এই 'ক্যাসিনো সম্রাট’! আর সম্রাট গ্রেপ্তার না হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছিলো নানা আলোচনা-সমালোচনা। 

তবে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন, সম্রাটের বিষয়ে দ্রুতই জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'শুধু সম্রাট নয়  যেই অপরাধ করবে তাকেই আইনের আওতায় আনা হবে। ছাড় দেয়া হবে না। আর যেহেতু র‌্যাব শুরু করেছে তাই ক্যাসিনোবিরোধী অভিযান তারাই পরিচালনা করবে।'