জাতীয় ১২ আগস্ট, ২০২৩ ০৬:৫৭

নির্বাচনের আগে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি নয়: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি: আগামী নির্বাচনের আগে আর নতুন করে কোনো দেশের সঙ্গে বাংলাদেশ চুক্তি করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

আজ শনিবার দুপুরে সিলেটের শাহী ঈদগাহে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিসোমিয়া ও আকসা চুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে মনে হয় না তড়িঘড়ি করে কোনো দেশের সঙ্গে নতুন চুক্তি করবে বাংলাদেশ। আর এতে দেশের ওপর কোনো প্রভাব পড়বে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

আসন্ন ব্রিকস সন্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে ড. মোমেন বলেন, ‘আয়োজকরা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবু সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহণ করবে। যেখানে এতগুলো দেশের সঙ্গে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরনের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’

আমাদেরকাগজ/এইচএম