জাতীয় ১৩ আগস্ট, ২০২৩ ০৬:২৩

মানুষ পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না: তথ্যমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদক: জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, মানুষ পুড়িয়ে, সম্পত্তি পুড়িয়ে ক্ষমতা আসা যায় না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপির এ কারণে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী’ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে সম্প্রচারমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের তো পাকিস্তানপ্রীতি আছে। তিনি কিছুদিন আগে বলেছিলেন- পাকিস্তানই ভালো ছিল। উনারা পাকিস্তানকে অনুসরণ করেন। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, একমাত্র পাকিস্তান ছাড়া। আমার প্রশ্ন, তারা পাকিস্তানকে কেন অনুসরণ করেন? যাদের এতো পাকিস্তানপ্রীতি তারা প্রয়োজনে পাকিস্তান চলে যেতে পারেন। তাও যদি পাকিস্তান তাদের গ্রহণ করে আর কি।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র ২০১৪ সালেও ছিল, ২০১৮ সালেও ছিল। কোনো ষড়যন্ত্রে লাভ হবে না। দেশ অব্যাহতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের‘ বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় না আসে, দেশ ৫০ বছর পিছিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে’ এ বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে না আসলে বিএনপিই ৫০ বছর পিছিয়ে যাবে। বিএনপি দলই টেকানোই তাদের জন্য কঠিন হয়ে যাবে।

হাছান মাহমুদ বলেন, গত সাড়ে ১৪ বছরে দেশ যেভাবে এগিয়েছে সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব, ভারতের প্রধানমন্ত্রী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়করা এবং বিশ্বের শীর্ষ পত্রপত্রিকাও প্রশংসা করছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বা তাদের অন্য নেতারা সেটি দেখতে পান না। এটি তাদের চেতনার দৈন্য, রাজনৈতিক দৈন্য আর দেখেও না দেখার ভান। 

এর আগে সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, ইতিহাসের পাতা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপচেষ্টা সফল হয়নি বরং যারা মুছে ফেলতে চেয়েছিল, তারাই ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে। পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে প্রেরণার উৎস বঙ্গবন্ধুর স্থান মানুষের হৃদয়ের মণিকোঠায়। 

আমাদেরকাগজ/এইচএম