নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা অধিবেশনের প্রাক্কালে বাংলাদেশে সাংবাদিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।
জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ-ইউপিআর (সর্বজনীন নিয়মিত পর্যালোচনা) ওয়ার্কিং গ্রুপের ৪৪তম অধিবেশনের জন্য পাঠানো এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়েছে। সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার-এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রতিবেদনটি দাখিল করেছে। আগামী নভেম্বরে ইউপিআর অধিবেশন বসার কথা রয়েছে।
বুধবার সংস্থাটির ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ বেআইনি আটক, হয়রানি এবং বিধিনিষেধ আরোপের মাধ্যমে গণমাধ্যমকে স্তব্ধ করতে ক্রমবর্ধমানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে সাংবাদিক হত্যা ও অপহরণের ক্ষেত্রে দায়মুক্তি, নিরাপত্তা হেফাজতে সংবাদকর্মীদের সঙ্গে সহিংস আচরণ এবং ২০২১ সালের ফেব্রুয়ারিতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে সরকারের সমালোচক নির্বাসিত সাংবাদিকদের পরিবারের সদস্যদের বেআইনি আটক, হয়রানি এবং তাদের সঙ্গে সহিংস আচরণের ঘটনাও তুলে ধরা হয়।
প্রতিবেদনের সূচনায় বলা হয়, এই প্রতিবেদনে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেছে এই তিনটি সংস্থা। এর মধ্যে রয়েছে সুশীল সমাজের কাজের পরিধি সংকুচিত হওয়া; নির্বাচনের আগে মানবাধিকার সংগঠন, নাগরিক সংগঠন, সাংবাদিক ও বিরোধীদের লক্ষ্যবস্তু করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ।
প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ মহামারির শুরুতে জনস্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে প্রতিবেদন করায় ২০২০ সালের মে মাসে সাংবাদিক রোজিনা ইসলামকে ঔপনিবেশিক আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির অধীনে সাত দিন কারাগারে আটকে রাখা হয়েছিল। ফৌজদারি কার্যবিধিতে শর্তসাপেক্ষ জামিনের কোনো বিধান না থাকলেও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের নির্বাচনের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগ সুশীল সমাজের কাজের পরিধি সংকুচিত করেছে এবং রাজনৈতিক দমন ও সহিংসতা বাড়িয়েছে।
সংস্থাগুলোর অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দলের সদস্যদের ওপর আক্রমণ, ভোটারদের ভয় দেখানো এবং নির্বাচনী কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছিল। ওই নির্বাচনে র্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ভীতি ছড়ানো এবং ভোট জালিয়াতির কেন্দ্রে ছিল।
আমাদেরকাগজ/এইচএম


















