জাতীয় ২৬ আগস্ট, ২০২৩ ১০:১৭

বঙ্গবন্ধু  ছিলেন একজন অনন্য বাঙালি: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনা ও অর্থনৈতিক সমতায় বিশ্বাসী ছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম, ত্যাগ, তিতিক্ষা, সবগুলো মানবীয় গুণাবলীর সমন্বয়ে তিনি ছিলেন একজন অনন্য বাঙালি। 

শনিবার (২৬ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত অ্যানিমেশন মুভি ‘মুজিব ভাই’ প্রদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর জীবন-কর্ম, ত্যাগ, তিতিক্ষা, সবগুলো মানবীয় গুণাবলীর সমন্বয়ে তিনি ছিলেন একজন অনন্য বাঙালি। বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপেই বঙ্গবন্ধুর গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয় আমরা পাই। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা অর্জন পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে তার আত্মপ্রকাশ হয়েছে একজন অসাম্প্রদায়িক চেতনার এবং মানবিক গুণাবলীর সমন্বয়ে একজন অনন্য মানুষ হিসেবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর চরিত্রের বিভিন্ন নাটকীয়তা, মানবিক গুণাবলী, তার শৈশব ও কৈশোরের মানবিক কর্মকাণ্ড সবকিছুর সমন্বয়ে তিনি ছিলেন এক অনন্য বাঙালি। বঙ্গবন্ধু কতটা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন তার প্রমাণ তিনি কলকাতায় দাঙ্গার সময় ও দিয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সাথে তার স্মৃতিচারণ করে বলেন, আমি জাতির পিতাকে নিয়ে গর্ববোধ করি। আমার সৌভাগ্য হয়েছিল ছয়বার ওনার সান্নিধ্য পাওয়ার- দুইবার স্বাধীনতার পূর্বে আর চারবার স্বাধীনতার পরে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর সাথে আমার শেষ দেখা হয় ১৯৭৫ সালের জানুয়ারি মাসে। বঙ্গবন্ধু আমাকে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) এর সালের পাবনা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন।

রাষ্ট্রপতি আরও বলেন, অর্থনৈতিক সমতায় বিশ্বাসী বঙ্গবন্ধু মুজিবকে জানতে হলে বাঙালি ও বাংলাদেশের ইতিহাসকে জানতে হবে। এ সময় আইসিটি বিভাগ নির্মিত ‘মুজিব ভাই’ অ্যানিমেশন মুভি জাতির পিতার জীবন ও কর্ম এবং আমাদের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাস সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সক্ষম হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি ‘মুজিব ভাই’ অ্যানিমেশন মুভিটি ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের একটি প্রয়াস উল্লেখ করে মুভিটির পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আমাদেরকাগজ/এইচএম