নিজস্ব প্রতিবেদক: নির্বাচন প্রতিহতকারীদের এ দেশের জনগণ কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আইভি রহমান পরিষদ আয়োজিত গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে নির্বাচন বর্জনের হুমকি দেয়, তাতে কিছু আসে-যায় না। তারা সিটি করপোরেশন নির্বাচন বর্জন করেছিল, জনগণ বর্জন করেনি। সেই সব নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়ে। নির্বাচন বর্জন করার অধিকার তাদের অবশ্যই আছে।’
২০০৪ সালে গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী করে সেতুমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে মুশতাক ও জিয়া। আর ২১ আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে তারেক জিয়া। তারা আসলে হত্যার রাজনীতিটাই করে। হত্যার রাজনীতির মাধ্যমেই জিয়াউর রহমানের উত্থান এবং ক্ষমতা টিকে থাকার জন্য তিনি তা অব্যাহত রেখেছিলেন।
ড. হাছান বলেন, ‘দেশের মানুষের স্বার্থে, সুস্থ রাজনীতির স্বার্থে মানুষ হত্যা, প্রতিহিংসার রাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। কিন্তু যারা প্রতিহিংসা করে ১৫ আগস্ট, ২১ আগস্ট ঘটিয়েছে, সুরঞ্জিত বাবুর সমাবেশে, শেখ হেলালের সমাবেশে বোমা হামলা চালিয়েছে, আহসান উল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেবকে বোমা মেরে হত্যাকারী বিএনপি-জামায়াত নেতারা যদি রাজনীতির দৃশ্যপটে থাকে আমরা রাজনীতিকে কুলষমুক্ত করতে পারব না।’
আমাদেরকাগজ/এইচএম


















