জাতীয় ৩০ আগস্ট, ২০২৩ ০৫:১৬

ঢাকা মেডিকেলের মসজিদে লাগা আগুন নিয়ন্ত্রণে

ঢামেক প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সংলগ্ন মসজিদের চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার দুপুর আড়াইটায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব জানান, বেলা পৌনে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, মসজিদের ৪র্থ তলার ছাদে ছোট একটি কক্ষের কয়েকটি বিছানা, একটি ফ্রিজ ছিল। সেসব পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত।

জানা যায়, মসজিদের ওই কক্ষে ভাড়া থাকা মো. জাহিদ জানান, তিনিসহ আরো তিনজন ওই রুমে ভাড়া থাকেন। সকালে রুম বন্ধ করে সবাই কাজে চলে যান। দুপুর আড়াইটার দিকে রুমে এসে তালা খুলে দেখেন, ভিতরে আগুন জ্বলছে। তখন নিজেরাই আগুন নিভানোর চেষ্টা করেন। ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে সংবাদ দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে রুমে থাকা একটি ফ্রিজ ও কিছু আসবাবপত্র পুরে গিয়েছে।

 

আমাদেরকাগজ/এইচএম