নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
এরআগে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকেএ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪টার দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। সর্বশেষ ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করতে তাদের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া উদ্ধার কাজে সহায়তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিয়েছে পুলিশ, বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরা।
আমাদেরকাগজ/এইচএম

















