নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশসহ ‘বন্ধু ও নিরপেক্ষ’ এমন ৩০টির বেশি দেশ এই অনুমতি পেয়েছে। এতে রাশিয়ার মুদ্রাবাজারে যেসব ‘বন্ধু ও নিরপেক্ষ’ দেশের ব্যাংক ও ব্রোকার হাউসগুলো লেনদেন করতে পারবে।
ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়ে একটি পোস্ট দিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় স্থান পাওয়ার কারণে রাশিয়া সরকার ওই তালিকার অনুমোদনের ফলে বাংলাদেশের ব্যাংক ও ব্রোকার হাউসগুলো সে দেশের মুদ্রাবাজারে লেনদেন করতে পারবে।
ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়া এমন সময়ে এই সিদ্ধান্ত নিয়েছে, যখন রুবল ১৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি দুর্বল অবস্থায় রয়েছে। মুদ্রা চাঙা করতে দেশটি সুদের হার ১৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার অর্থনীতিও চাপে রয়েছে, দুর্বল হয়েছে দেশটির মুদ্রা রুবল।
এদিকে, দেশটির মস্কো এক্সচেঞ্জ হাউসে ২৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহাম ও রাশিয়ার মুদ্রা রুবলের লেনদেন চালু হচ্ছে। তবে এসব লেনদেন নিষ্পত্তি হবে রুবলে।
যে দেশগুলো রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ দেশের তালিকায় স্থান পেয়েছে, সেগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বাংলাদেশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, ব্রাজিল, চীন, কিউবা, মিসর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম। তবে এর আগে খসড়া তালিকা থেকে পাঁচটি দেশ ও অঞ্চলকে রাশিয়া বাদ দিয়েছে। এসব হলো আর্জেন্টিনা, হংকং, ইসরায়েল, মেক্সিকো ও মলদোভা।
আমাদেরকাগজ/এইচএম




















